যশোরে হিজবুত তাহরীর সদস্যের আত্মসমর্পণ

যশোর প্রতিনিধি:
যশোরে ফখরুল আলম তুষার (২২) নামে হিযবুত তাহরীরের আরও এক সদস্য আত্মসমর্পণ করেছেন। তিনি হলেন যশোর শহরের আরবপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে ।

রোববার দুপুর ১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামানের উপস্থিতিতে তিনি আত্মসমর্পণ করেন। ফখরুল আলম সদর উপজেলার আরবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

সংবাদ সম্মেলনে ফখরুল আলম তুষার বলেন, ‘দুই বছর আগে এলাকার চায়ের দোকানে আড্ডায় হিযবুত তাহরীরের সদস্যদের সঙ্গে আমার পরিচয় হয়। তারা আড্ডার মাধ্যমে আমাকে ধর্মীয় নানা বিষয়ে বোঝাত। এক পর্যায়ে তারা দেশের আইনবিরোধী নানা বিষয় নিয়ে আলোচনা করত। পরে বুঝতে পারি হিযবুত তাহরীরের সদস্যরা সন্ত্রাসী সংগঠন। তারা দেশের আইনবিরোধী কাজ করে। আমি ভুল বুঝতে পেরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই।’

তুষার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যারা ভুল পথে গিয়েছে তারা ফিরে আসলে আইনী সহায়তা প্রদান করা হবে। পরে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করি। এরপর আত্মসমর্পণ করেছি।

সেসময় ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, ‍তুষার নিজেই তার ভুল বুঝতে পেরেছেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। এজন্য তাকে আইনি সহায়তা দেওয়া হবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান, নড়াইলের পুলিশ সুপার রফিকুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই রফিকুল ইসলাম প্রমূখ।

যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান গত ১১ আগস্ট হিজবুত তাহরীরের তিন সদস্য আত্মসমর্পণ করেন। ওই তিনজনের রায়হান আহম্মেদ ও রোববার আত্মসমর্পণকারী ফখরুল আলম সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

  •  
  •  
  •  
  •  

Tags: