অনুশীলনে সমস্যা হচ্ছে না তামিমের
খেলাধুলা ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে নেই অনেক দিন। তার সাথে আবার যোগ হয়েছে হাতের ইনজুরি। ব্যাট হাতে নামার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের তিন ফরম্যাটের শীর্ষ রান সংগ্রাহক তামিম ইকবাল। তাইতো রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেই ছক্কা হাঁকিয়ে বসলেন।
অনুশীলনে অনেকদিনের ঝাল যেন মিটিয়েছেন বোলারদের উপরে। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, আল-আমিন হোসেন কিংবা রুবেল হোসেন সবাইকেই বেধড়ক পিটিয়েছেন! কাউকে ছাড় দেননি।
কিন্তু এমন ব্যাটিংয়ের প্রত্যাশা কিংবা পরিকল্পনা সকাল পর্যন্ত ছিল না দেশসেরা ওপেনারের। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়ায় ২২ দিন অনুশীলন করতে পারেননি তামিম। রোববার প্রথম ব্যাটিংয়ে নেমেই মুগ্ধতা ছড়িয়েছেন। পুরোপুরি ফিট তামিম এখন ম্যাচ খেলার অপেক্ষায়।
অনুশীলন শেষে সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘আঙুলে চিড় খানিকটা আছে এখনও। তবে এটা নিয়ে খেলতে সমস্যা নেই। ব্যাপারটি আমার ওপর ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা। যদি ব্যাটিংয়ে ব্যথা না থাকে, তাহলে খেলতে বাধা নেই। আমার আজ কোনো সমস্যাই হয়নি ব্যাটিংয়ে।’
সিটি স্ক্যানই তামিমের মন থেকে শঙ্কা দূর করে দিয়েছে। ব্যাটিং থেকে ফেরার পথে বললেন, ‘ব্যথাটা এখন নেই বললেই চলে। সিটি স্ক্যানেও দেখা গেছে, অবস্থা আগের চেয়ে অনেক ভালো।’
একই কথা বললেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামও, ‘সিটি স্ক্যানে অবস্থার উন্নতি হয়েছে বলেই মনে হয়েছে। এখন দু-এক দিন ব্যাটিং করলেই বোঝা যাবে আর কোনো সমস্যা আছে কি না।’

