একসাথে জন্ম নেওয়া ৫ সন্তানের একটি মারা গেছে

রংপুর প্রতিনিধি:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে জন্ম নেওয়া পাঁচ সন্তানের একটি মারা গেছে। দুই কন্যা সন্তানের একজন বুধবার দিবাগত মধ্যরাতে মারা যায় বলে হাসপাতালে পরিচালক আ স ম বরকতুল্লাহ জানিয়েছেন।

তবে অপর এক কন্যা ও তিন ছেলে এবং তাদের মা সুস্থ আছে বলে জানান তিনি। বিয়ের ১২ বছর পর আরজিনা শেরেকুল দম্পত্তির কোলজুড়ে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়। আরজিনার অস্ত্রোপচার করেন হাসপাতালের সহকারী অধ্যাপক চিকিৎসক সিরাজুম মুনিরা ডেইজী। তিনি জানান, ‘জন্মের পর থেকে একটি মেয়ে অসুস্থ ছিল। তাকে নিয়ে আমরাও আশঙ্কা করছিলাম। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।’

প্রসঙ্গত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাগ্যবতি মা আরজিনা একসঙ্গে ৫ সন্তানের জম্ম দেন। ওই গৃহবধু গাইবান্ধা উপজেলার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শেরেকুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের কাজীবাড়ি সন্তোলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে।

  •  
  •  
  •  
  •  

Tags: