চবিতে শাটল ট্রেন, বাস চলাচল বন্ধ করে দিল ছাত্রলীগ!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবগঠিত ছাত্রলীগের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করায় ছাত্রলীগের একাংশের ডাকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে বাস ও শাটল ট্রেন বন্ধ রয়েছে। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে চবি ক্যাম্পাস, ষোলশহর স্টেশনসহ বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ করেছে অবরোধকারীরা।
অবরোধের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দিয়েছে ছাত্রলীগ। ক্যাম্পাস থেকে কোন বাস শহরে আসতে দেয়া হচ্ছেনা । ফলে ক্যাম্পাসে যেতে পারেনি শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা। এতে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। আন্দোলনকরীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরে আসা কয়েকটি বাসকে মাঝ পথে থামিয়ে চাবি নিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের খবরও পাওয়া গেছে।
এদিকে ক্যাম্পাসে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন গেইটে পাহারা বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
চবি প্রক্টর আলী আজগার জানান, ক্যাম্পাসে সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

