রাসেলকে জামিন দিলে গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে

অর্থনীতি ডেস্কঃ ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) ছিল রিমান্ডের প্রথম দিন।
রিমান্ডে যা বললেন ইভ্যালির রাসেল

এ দিনের জিজ্ঞাসাবাদে কোনো টাকা আত্মসাৎ করেননি বলে দাবি করেছেন মোহাম্মদ রাসেল। বলেন, গ্রাহক জেনেবুঝেই পণ্য অর্ডার করেছে, যারা ডেলিভারি পায়নি ভবিষ্যতে টাকা পেয়ে যাবে। এখানে প্রতারণার কোনো বিষয় ছিল না।

পুলিশের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে এমন খবর জানায় গণমাধ্যমগুলো। বলা হয়, স্টক শেষ হয়ে যাওয়ার কারণে অনেক সময় পণ্য ডেলিভারি দিতে পারেননি ইভ্যালি। যাদের পণ্য ডেলিভারি দিতে পারেনি তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। অনেকের ফেরত প্রক্রিয়াধীন রয়েছে বলেও দাবি করেছেন রাসেল।

গ্রাহকদের টাকা আটকানোর বিষয়ে জিজ্ঞাসাবাদে রাসেল দাবি করেন, জুলাই থেকে এ পর্যন্ত মোট তিন লাখ অর্ডার ডেলিভারি করেছে ইভ্যালি। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা (১০% অ্যাডভান্স) এবং ইভ্যালিতে কেনাকাটায় একের পর এক ব্যাংক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করায় ইভ্যালির নগদ জমার পরিমাণ কমতে থাকে। ফলে রিফান্ড প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায়।

এর আগে করোনা পরিস্থিতির কারণে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্ডারগুলো আর ফিরিয়ে দিতে পারেনি বলে জানিয়েছিলেন মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বলেন, মার্চেন্টদের উৎপাদন কম ছিল। কারো সঙ্গেই প্রতারণা করা হয়নি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ সাংবাদিকদের জানান, ‘গ্রাহক, মার্চেন্টরা টাকা পান, এটা তো অস্বীকার করা হয়নি। এটা একটা বিজনেস ডিল। গ্রাহকের টাকা বা মালামাল ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া আছে। আত্মসাৎ করা হয়নি।’

তাই ইভ্যালি আইনিভাবে কোনো অপরাধ করেনি বলেও জানান আসামিপক্ষের এই আইনজীবী।

মোহাম্মদ রাসেলকে জামিন দিলে গ্রাহককের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়ে ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেছিলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে আমরা সময় আবেদন করেছি। এ পর্যন্ত ৭০ লাখ গ্রাহককে সেবা দিয়ে নিশ্চিত করা হয়েছে। এ বছরের এপ্রিল থেকে ৩ লাখ গ্রাহকের অর্ডার নিশ্চিত হয়েছে। আসামিকে জামিন দিলে, সব গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে।’

  •  
  •  
  •  
  •  

Tags: